উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্সের জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে রক্ষণভাগে নেমে দলকে সাহায্য না করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সম্প্রতি এই সমালোচনা নিয়ে নিজের খোলামেলা অবস্থান জানিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।
এমবাপে জানান, সমালোচকদের নজর সবসময় তার সীমাবদ্ধতার দিকেই থাকে। মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া এই ফুটবলার মনে করেন, যারা দীর্ঘ সময় ধরে সাফল্যের শীর্ষে থাকেন, তাদের জীবন এমনই হয়। গোল না করলেই মানুষ প্রশ্ন তোলে, যা তিনি ব্যক্তিগতভাবে নেন না।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ ম্যাচে পাঁচটি গোল করেছেন এমবাপে। তার মতে, ফুটবলের মূল লক্ষ্যই হলো গোল করা। তিনি বলেন, যে খেলোয়াড় গোল করে সে কখনও দলের জন্য সমস্যা হতে পারে না। কারণ শূন্য গোল করে কোনো দল শিরোপা জিততে পারে না।
সমালোচনার সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে এমবাপে জানান, গঠনমূলক এবং উদ্ভট—উভয় ধরনের সমালোচনাই তিনি দেখেন। তবে এগুলো তাকে আতঙ্কিত করে না বা সিদ্ধান্ত নিতে বাধা দেয় না। কোনো দ্বিধা ছাড়াই তিনি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চান।