উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো বাতিল হয়েছে। এর ফলে সরকারকে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, যার ফলে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত ৪১২ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আয়োজিত চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, সরকার আমদানি নির্ভর জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ২০০৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা বাড়াতে ডিজেলের মজুদ ১৭ দিন থেকে বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা ৯০ দিনে নেওয়ার লক্ষ্য রয়েছে।
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। এছাড়া দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধি এবং মাতারবাড়িতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সম্মেলনে টিআইবি’র ড. ইফতেখারুজ্জামান ও সিটি ব্যাংকের অর্থনীতিবিদ মো: আশানুর রহমানসহ বিশেষজ্ঞরা জ্বালানি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।