উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত সূচির পরিবর্তে এখন এই প্রদর্শনী ও মেলা আগামী ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তারিতভাবে জানাতে এই সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে উদ্যোক্তা, খামারি ও অংশীজনরা বাড়তি এক দিন মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
মেলায় প্রাণিসম্পদ খাতের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা দেওয়া হবে। আগ্রহী দর্শনার্থী ও সংশ্লিষ্টদের জন্য এই বর্ধিত সময় নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে। এই কর্মসূচির অধীনেই দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।