উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর এবং বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে ফেরত পাঠানোর বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের সার্কুলার অনুযায়ী, কোম্পানিগুলো কোম্পানি আইন ১৯৯৪, বিএসইসি-র বিধিবিধান এবং নিজেদের সঙ্ঘস্মারক ও সঙ্ঘবিধি মেনে অনাবাসী বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার ইস্যু করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের শেয়ার ইস্যুর বিপরীতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনতে হবে এবং প্রেফারেন্স শেয়ার অবশ্যই অভিহিত মূল্যে ইস্যু করতে হবে।
যদি প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার শেয়ারের অভিহিত মূল্যের পাঁচ শতাংশের বেশি না হয়, তবে কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। তবে লভ্যাংশের হার পাঁচ শতাংশের বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হবে এবং কোম্পানিগুলোকে তাদের মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে যৌক্তিকতা উল্লেখ করে আবেদন জমা দিতে হবে।
প্রেফারেন্স শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে ইস্যুকারী কোম্পানিকে মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে এফইআইডি-কে অবহিত করতে হবে ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই মনোনীত এডি ব্যাংক বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ ও শেয়ার অবসায়নের অর্থ বিদেশে পাঠাতে পারবে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭-এর ২০(৩) ধারার আওতায় জারি করা এ সার্কুলার অবিলম্বে কার্যকর হয়েছে। কুশলীন ও যথাযথ প্রক্রিয়ায় এই বিনিয়োগ পরিচালনা করতে ব্যাংকগুলোকে বিভিন্ন নিয়মাবলী ও হিসাব সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে।