উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে এই আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করার দাবিও জানানো হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে যা শ্রমিকেরা মানছেন না। সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। শিল্প রক্ষার স্বার্থেই বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, আগে থেকেই আমরা মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছি। অথচ এই কাজে শ্রমমন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং আমরা ব্যর্থ শ্রমমন্ত্রীর পদত্যাগ চাই। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন মজুরি নির্ধারণের জোর দাবি জানান।
সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা শ্রমিকদের আন্দোলনে হামলা করবেন না এবং আমরা আওয়ামী আমলের পুলিশ দেখতে চাই না। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমন–পীড়ন অব্যাহত থাকলে আন্দোলন বৃহত্তর রূপ নিতে পারে বলে তাঁরা সতর্ক করেন।