উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন নারী ইমার্জিং নেশন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার, আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সোবহানা মুস্তারি।
চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তারকা পেসার মারুফা আক্তার। ডান পায়ের গোড়ালির সমস্যার কারণে তাকে চার সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সুলতানা খাতুনকে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে, তবে দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন।
আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১০ দলের এই প্রতিযোগিতায় 'বি' গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস ও ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।