উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ সোমবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। পরে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সব মিলিয়ে সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি এবং তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
বেতনকাঠামোকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পে শুরু হওয়া অসন্তোষ ও আন্দোলন পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে এবং অভিজ্ঞতার অভাবে বিরোধী দলও প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না।
বিদ্যমান পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে বিরোধী দল যেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সে জন্য সরকারকে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সভায় এবি পার্টির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।