উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়ায় আবারো এলপি গ্যাসের দাম বাড়িয়েছে কর্তৃপক্ষ। ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি দাম বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে এবং নতুন এই দাম আজ রাত থেকেই কার্যকর হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে একটি গণশুনানি করেছে বিইআরসি যেখানে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ শুনানিতে আসা সবার মতামত বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন। এর আগে গত গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছিল।
উল্লেখ্য যে বাংলাদেশে এলপিজি আমদানির ৯৮ শতাংশের বেশি বেসরকারি কোম্পানি করে থাকে এবং বিইআরসির তথ্য অনুযায়ী দেশে ৩২ থেকে ৩৩টি কোম্পানির লাইসেন্স থাকলেও গ্যাস আমদানি করছে ১০ থেকে ১২টি কোম্পানি। বাংলাদেশে কয়েক মাস ধরেই এলপিজির বাজারে সঙ্কট এবং অতিরিক্ত দাম বৃদ্ধির যে অস্থিরতা দেখা গেছে সেটি সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানোর পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এমনকি এক মাসেই এলপিজির দাম বাড়ালেও বাজারে তার চেয়েও অনেক বেশি দরে বিক্রি হচ্ছিল ভোক্তাদের কাছে।