উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, তাকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই দাবি জানান এবং টিআইবির তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, দলের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলটির রুকন বা সদস্যদের মধ্যে প্রায় ৪৩ শতাংশই নারী।
গত রোববার ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। যেখানে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই বলে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে আজ সোমবার গোলাম পরওয়ার জানান যে জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা বজায় রাখে। একই সঙ্গে দলের সব স্তরেই নারীদের কার্যক্রম ও পৃথক কমিটি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
টিআইবির মতো একটি দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন তথ্যহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দায়িত্বহীনতার বড় পরিচয় বলে মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল। ভবিষ্যতে জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের কোনো প্রতিবেদন বা প্রকাশনা তৈরি করার সময় টিআইবিকে আরও অনেক বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।