উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নতুন স্পোর্টস উইং ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স আজ সোমবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই সংগঠনে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্ব পেতে চলেছেন দেশের পরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম।
তাঁর সঙ্গে সংগঠনটির সদস্যসচিব হিসেবে যুক্ত হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম। আজ সোমবার বিকেল চারটায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন। এনসিপির রাজনৈতিক পর্ষদের দুজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন যে দুই নাজমুল আনুষ্ঠানিকভাবে নতুন এই সংগঠনে যোগ দেবেন।
উল্লেখ্য, বিসিবির অর্থ কমিটির প্রধান থাকাকালীন গত জানুয়ারিতে খেলোয়াড়দের নিয়ে কিছু মন্তব্য করে এম নাজমুল ইসলাম বেশ আলোচিত হয়েছিলেন। পরবর্তীতে তাঁর মন্তব্যের জেরে ক্রিকেটাঙ্গনে উত্তেজনা তৈরি হয় এবং বিভিন্ন নাটকীয়তার সৃষ্টি হয়।