উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ খেলায় ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে টানা দুই ম্যাচে জয় পেলেও সিরিজ নিজেদের করে নিতে পারেনি কিউইরা। প্রথম তিন ম্যাচে টানা জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। তবে অন্য ওপেনার টিম সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে ওঠে। ৫০ বলে ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯৩ রান করেন তিনি। ড্যারেল মিচেল ১৬ বলে ২৯ রান করে দলকে এগিয়ে নেন। অন্যদিকে গ্লেন ফিলিপস ৩৮ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন। ভারতের হয়ে নিতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে হারিয়ে চাপে পড়ে ভারত। সেই ধাক্কা সামাল দেন ঈশান কিষাণ। ৩২ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬১ রান করেন তিনি। অধিনায়ক শ্রেয়াস আয়ার ২৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করে দলের সংগ্রহ বাড়ান। ইনিংসের শেষ দিকে নোমান ধীর ২৩ বলে ৩৩ এবং নিতিশ কুমার রেড্ডি ১৭ বলে ২২ রান যোগ করেন।
নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে চারটি উইকেট নেন। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার দুটি করে উইকেট শিকার করেন। শেষ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলেও পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ট্রফি নিয়ে ফিরছে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারত।