উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সামিটের বিভিন্ন বিষয় তুলে ধরেন এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহা: সাহিদুজ্জামান টরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম এইচ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান।
এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে।
পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে। সংবাদ সম্মেলনে আসন্ন সামিটের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এনআরবি ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন প্রবাসী বাংলাদেশীদের দক্ষতা, অভিজ্ঞতা, মেধা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।