উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসছে ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানিবণ্টন চুক্তির। এই বিষয়টিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে পানি না এলে কোনো ভারতীয় পণ্য ঢুকবে না।
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে পানি ও করিডর না এলে ভারতীয় কোনো চ্যানেল চলবে না। এ সময় তিনি মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করে বলেন, প্রয়োজনে তারা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছেন।
অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, সরকার ঋণের জন্য বিভিন্ন দুয়ারে ঘুরলেও কেউ ঋণ দিচ্ছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে চুক্তির বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি। এই চুক্তিতে ভারতকে কোনো অবৈধ করিডর দেওয়ার চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে বলে জানান তিনি।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির সভাপতি মতামত চাইলেও তাদের কাছে কোনো মতামত দেওয়ার কিছু নেই। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী তা সংস্কারের দাবি জানান তিনি। শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে নাহিদ বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি এবং এই বৈষম্য মানা হবে না।