উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে চোট নিয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। দীর্ঘ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গুরুতর চোট ও শারীরিক সমস্যার মধ্যেও বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন তিনি। তাঁর দলের অধিকাংশ সতীর্থের অবস্থাও একই রকম ছিল।
ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা এবং ম্যাচজুড়ে তেমন সুবিধা করতে পারেনি লিওনেল মেসিদের দল। স্পেনের আধিপত্যের কথা স্বীকার করে রোমেরো জানান, পুরো টুর্নামেন্টেই শারীরিকভাবে নানা সমস্যায় ভুগতে হয়েছে তাঁদের।
রোমেরো বলেন, স্পেন তাদের কাজটা খুব ভালোভাবে করেছিল এবং আমরা কোনমতে টিকে ছিলাম। এটাকে অলৌকিক বলা যায় কিনা জানি না, তবে পুরো টুর্নামেন্টজুড়ে শারীরিক দিক থেকে আমাদের অনেক ভুগতে হয়েছে। তিনি আরও জানান, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাঁর অ্যাকিলিস টেন্ডনে সমস্যা দেখা দেয় যা আজও রয়ে গেছে এবং ফাইনালের আগের দিনগুলোতে প্রায় সময় অনুশীলনই করতে পারেননি।
ম্যাচে নামার সময় পুরোপুরি ফিট না থাকার অভিজ্ঞতা জানিয়ে রোমেরো বলেন, কিছু ওষুধ খেয়ে এবং ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছি এবং দ্বিতীয়ার্ধে আমার শরীর আর নিতে পারছিল না। বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ফিট না থাকা এমনিতে হতাশাজনক হলেও তিনি খেলার মতো অবস্থায় আছেন মনে করে মাঠে থাকতে চেয়েছিলেন।