উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংসদের উচ্চকক্ষ গঠনসহ সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলকে বিশেষ কমিটিতে আলোচনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উচ্চকক্ষের ক্ষমতা বা সংবিধান সংশোধনী সেখানে যাবে কি না, তা লংমার্চের মাধ্যমে সমাধান সম্ভব নয়। শেরেবাংলা নগরে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণতান্ত্রিক সংস্কার চায় যাতে প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য বা 'চেক অ্যান্ড ব্যালান্স' বজায় থাকে। গত ১৩ জুলাই গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হলেও তারা এখনো সাড়া দেয়নি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য এ বিষয়ে লংমার্চ কর্মসূচি পালন করছে।
সেমিনারে সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তিনি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় উচ্চকক্ষ গঠন, বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন এবং সংসদীয় স্থায়ী কমিটিকে শক্তিশালী করার প্রস্তাব দেন। তিনি বলেন, প্রতিষ্ঠান গড়ে তোলা না গেলে শুধু ভালো কথায় দেশের উন্নতি সম্ভব নয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক ঐক্য সবচেয়ে জরুরি। তিনি স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং গণমাধ্যম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবদিহি নিশ্চিত না করলে যেকোনো প্রতিষ্ঠানই স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।