উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছে। এই সফরে অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০৪৫-৪৬ অর্থবছর পর্যন্ত কয়েকটি ধাপে প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চাহিদা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোরিয়ার অর্থায়নের সম্ভাবনা থাকা ১৭টি অননুমোদিত সরকারি প্রকল্পও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিনিধি দলটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতে সহযোগিতার ওপর জোর দিচ্ছে। এছাড়া পরিবহন, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।
সফরে অর্থমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। তারা দক্ষিণ কোরিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
প্রতিনিধি দলটি স্যামসাং, এলজি এআই রিসার্চ, নাভার এবং ইয়ংওয়ানের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবে। এছাড়া কোরিয়া এক্সিম ব্যাংক ও কোইকার সাথেও বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ইআরডি পরিচালিত আইজিএনডি উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় উৎপাদন কেন্দ্র ও শিল্পাঞ্চলগুলোর মধ্যে সমন্বিত বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।