উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্যের জেরে সৃষ্ট বিতর্কের পর ক্ষমা চেয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। তাঁর মন্তব্যে চীন ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়।
মঙ্গলবারে দেওয়া এক বিবৃতিতে এমবাপে জানান যে তাঁর মন্তব্যটি যথাযথ ছিল না এবং তিনি এখন বুঝতে পারছেন এতে অনেকে কষ্ট পেয়েছেন। চীনের মানুষ ও তাদের ইতিহাসের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলার সময় এমবাপে একটি ছবির কথা উল্লেখ করেন, যেখানে মাও সে-তুংয়ের শরীরে তাঁর মুখ বসানো হয়েছিল। মাওকে চীনা স্বৈরশাসক হিসেবে উল্লেখ করার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর তীব্র সমালোচনা শুরু হয়।
চীনে এমবাপের জনপ্রিয়তা ও বাণিজ্যিক উপস্থিতি উল্লেখযোগ্য থাকায় এই বিতর্ক তাঁর বিপণনমূল্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ক্ষমা চাওয়ার পর চীনে এই বিতর্কের প্রভাব কতটা কমবে, তা এখনো স্পষ্ট নয়।