উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই দুজন মন্ত্রীই তাঁদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন এবং তাঁরা পদত্যাগ না করলে দেশের সর্বত্র মিছিল করা হবে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও বলেন, সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে। দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে। ঢাকার দুই সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে এ সমাবেশে কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন।
সমাবেশে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাহাজানিতে সবার জীবন নাজেহাল হয়ে পড়েছে এবং দেশে বিদ্যুৎ ও গ্যাসের চরম সংকট চলছে। দেশের সব প্রতিষ্ঠানে দলীয়করণ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় সবচেয়ে বেশি বর্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাদ দিয়ে সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত আছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, কীভাবে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস কায়েম করা হবে, সেই পরিকল্পনা নিয়ে তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচারকে এই নতুন স্বৈরাচার কোনোভাবেই মোকাবিলা করতে পারবে না। তাই বাংলাদেশের তরুণ ও জুলাই গণ–অভ্যুত্থানের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ভারতের সঙ্গে চুক্তি ও করিডر প্রসঙ্গে নাহিদ বলেন, বর্তমান সরকার ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না এবং জাপানে গিয়ে অবৈধ করিডর ভারতের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। আগামী ডিসেম্বরে যদি গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নতুন করে তৈরি করা না হয়, তবে বাংলাদেশের জনগণ আবার মাঠে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।