উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে এ দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শনিবার ২৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
সম্প্রতি আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচের কোনোটিতেই দুই শ রানের গণ্ডি পেরোতে পারেনি দলটি। ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় তাঁর অবদান ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি।