উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানানো হয়। পাশাপাশি ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার উদ্যোগ এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশ থেকে আগামী দুই মাসব্যাপী জেলা ও উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা এবং গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হবে। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদসহ জোটের অন্যান্য কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অধীনতামূলক বাণিজ্যচুক্তি করেছে, তা দেশের অর্থনীতি, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ায় অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিদেশি কর্তৃত্ব তৈরির আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।