উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে আজ রাতে জমকালো আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় জানা যাবে, ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে কার হাতে উঠছে এই পুরস্কার। প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে যুক্তরাজ্যের লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি উইঙ্গার স্ট্যানলি ম্যাথুসকে সম্মান জানাতেই তার দেশে এবারের আয়োজন করা হচ্ছে।
পুরুষদের বিভাগে আলোচনার শীর্ষে রয়েছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপে। অন্যদিকে, নারী বিভাগে স্পেনের অ্যালেক্সিয়া পুতেল্লাস তৃতীয়বারের মতো বর্ষসেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন। সোমবারের এই অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগের ব্যালন ডি’অরসহ মোট ১৩টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কোপা ট্রফি, ইয়াশিন ট্রফি, গার্ড মুলার ট্রফি এবং ইয়োহান ক্রুইফ ট্রফি।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে প্রতিটি জুরি সদস্য সেরা ১০ খেলোয়াড়কে পছন্দের ক্রমানুসারে নির্বাচন করেন। ভোট গণনার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই হন ব্যালন ডি’অর বিজয়ী। এবারের মূল্যায়নের সময়সীমা ছিল ২০২৫ সালের ৩ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত। খেলোয়াড়দের মূল্যায়নে ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সাফল্য এবং খেলার মানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্যালন ডি’অরের ইতিহাসে সবচেয়ে বেশি আটবার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর। ফ্রান্স ও প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ২০২৫ সালের বিজয়ী এবং এর আগের বছর পুরস্কারটি জিতেছিলেন রদ্রি। ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের দুই লেখক গ্যাব্রিয়েল হানোত ও জ্যাকস ফেরান ১৯৫৬ সালে এই পুরস্কারের প্রচলন করেন।