উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোট নিয়ে কমিশন সন্তুষ্টি প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা কার্যক্রম শুরু হয়েছে। বেলা দুইটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ, যা চূড়ান্ত হিসাবে আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে ভোট পড়ার প্রকৃত হার ও আনুষ্ঠানিক ফলাফল সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।
মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, সকাল থেকে এমন কোনো খবর পাওয়া যায়নি যা উদ্বিগ্ন করতে পারে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে একটি ভালো নির্বাচন সম্পন্ন হয়েছে। ইসি সন্তুষ্ট কি না প্রশ্নে তিনি বলেন, 'অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ আছে কি?'
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। স্থানীয় ভোটারদের মতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে; যেখানে বিএনপি প্রার্থী জয়ের আশা করছেন এবং জামায়াত প্রিসাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকার অভিযোগ তুলেছে।