উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ও রংপুরের পর এবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। আগামী শনিবার এই কর্মসূচির বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে বলে আশা করছেন জামায়াতের নেতারা। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে লংমার্চের পথে ১৯টি জেলা পড়েছে। লংমার্চ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। খুলনায় প্রবেশের আগেই বহরে এক হাজার গাড়ি যুক্ত হতে পারে বলে আশা করছেন তারা।
পরিকল্পনা অনুযায়ী, শনিবার সকাল সাতটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে লংমার্চের উদ্বোধন হবে। ঢাকা থেকে মাওয়া হয়ে মাদারীপুর–শরীয়তপুরের নাওডোবা দিয়ে গাড়িবহর খুলনা বিভাগের দিকে যাবে। পথে বিভিন্ন স্থানে পথসভা শেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ার সমাপনী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। গোপালগঞ্জের মধ্য দিয়ে লংমার্চ যাওয়া প্রসঙ্গে নেতারা জানান, গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।