উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের এই তথ্য তুলে ধরা হয়। বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মন্ত্রণালয়ের পদক্ষেপ–সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, ব্রয়লার মুরগি ১৬১ টাকা ৫৫ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা বলে উল্লেখ করা হয়। উৎপাদন খরচের তথ্য প্রকাশের পর কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার অভিযোগ যাচাই করার সুপারিশ করে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। বৈঠকে উৎপাদনকারীরা সঠিক দাম পাচ্ছেন কি না এবং পণ্য হাত বদল হয়ে কীভাবে ভোক্তাদের কাছে পৌঁছায়, তা খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য সদস্যরা।