উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে মুফতি ইনজিমামুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের এক জরুরি কেন্দ্রীয় সাধারণ সভায় মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্র গ্রহণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ওলামা অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যদের মতামত ও ভোটের ভিত্তিতে আগের সদস্যসচিবের পদত্যাগপত্র গ্রহণ করে শূন্য পদটিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বোচ্চ ভোটে মুফতি ইনজিমামুল ইসলাম ভারপ্রাপ্ত সদস্যসচিব এবং মুফতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
ভারপ্রাপ্ত সদস্যসচিব মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে রাহবার অ্যাডভাইজরির শরিয়াহ মজলিশের চেয়ারম্যান ও বাইতুর রশিদ জামে মসজিদের খতিব। অন্যদিকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস এবং ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় আলেম সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও মূলধারার রাজনীতিতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।