উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে মহিউদ্দিন রনিকে। সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো এই স্বেচ্ছাসেবক শক্তি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনের সদস্যসচিব জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য আসনটি এনসিপিকে ছাড়লেও স্থানীয় জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ওই নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
এদিকে মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি এবং ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছিলেন। গত এপ্রিলে মহিউদ্দিন রনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।