উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানান।
নিন্দা জানাতে গিয়ে তিনি বিগত আওয়ামী লীগ শাসনামলে জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গ টেনেছেন। উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত শনিবার মারা যান।
তাকে পিরোজপুরে ‘গার্ড অব অনার’ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে দাফন না করার দাবি জানান। পরে শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন যে জানাজা ও লাশ দাফনের অধিকার যেকোনো মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই অধিকার কেড়ে নিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে ফ্যাসিবাদের বিপরীতে তাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং সব নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে থাকতে হবে।