উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনে রূপান্তর না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে তাঁরা নির্বাচনে অংশ নেবেন এবং তাঁরা এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াননি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করে সুনির্দিষ্ট ৯টি অভিযোগ পেয়েছে এবং লিখিতভাবে তা সিইসিকে জানানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ইউএনও খাইরুল ইসলাম সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন অভিযোগ করে তাঁর অপসারণ দাবি করেন জামায়াত নেতারা। এছাড়া রাজনৈতিক নেতাদের চাপ উপেক্ষা করে নির্বাচন স্বচ্ছ করতে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়।
ব্রিফিংয়ে আরও অভিযোগ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হামলা চালিয়ে জামায়াতের নারী ও পুরুষ নেতাকর্মীদের আহত করা হয়েছে এবং হামলাকারীদের ছবি সিইসিকে দেওয়া হয়েছে। ধানের শীষের প্রার্থী রাষ্ট্রপতির ভাই পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং হিন্দু ভোটারদের চাকরি হারানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও জামায়াত নেতারা অভিযোগ করেন।