উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপি নেতাদের বাসায় গিয়েছিলেন বলে দাবি করেছেন মো. রাশেদ খাঁন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন। রাশেদ বলেন, বিএনপি আগ্রহ না দেওয়ায় আসিফ বাধ্য হয়ে এনসিপিতে যোগ দিয়েছেন।
রাশেদের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, তিনি রাশেদের এই বক্তব্যকে মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করেন না। আসিফ আরও বলেন, মিথ্যা কথা বলার জন্যই রাশেদকে নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর পদত্যাগ করে ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ।
ফেইসবুক পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন যে এনসিপি বেশি আসন পাওয়ার আশায় জামায়াত জোটে যোগ দিয়েছে। তিনি লেখেন, জামায়াত ও এনসিপির ৯০ জন সংসদ সদস্যের মেধা ও যোগ্যতা এক স্বরাষ্ট্রমন্ত্রীর সমান নয়। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে উল্লেখ করে রাশেদ বলেন, এনসিপি বা জামায়াত বিরিয়ানির ভাগ চাইলেও তা পাওয়ার সম্ভাবনা নেই।
গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম সাত মাস পর পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন। অন্যদিকে মাহফুজ আলম দলটিতে যোগ না দিয়ে অল্টারনেটিভস নামের প্ল্যাটফর্মের সংগঠক হিসেবে আছেন। মাহফুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন দেখেও কোনো উত্তর দেননি। এনসিপির সুবিধাবাদী রাজনীতি নিয়ে রাশেদের এই পোস্টে নানা আলোচনা শুরু হয়েছে।