উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আলোচ্য মাসে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের আগস্টে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।
ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে। কঠিন বাজার পরিস্থিতি সত্ত্বেও ইইউর ডেনিম বাজারে বাংলাদেশ তাদের শীর্ষস্থান সফলভাবে ধরে রেখেছে বলে জানা গেছে।
তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, যা মূলত বৈশ্বিক বাজারের মন্দার প্রভাব।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থা ও প্রযুক্তির কারণে বাংলাদেশ শক্ত অবস্থান বজায় রেখেছে। বৈশ্বিক শিল্পে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ধরে রাখতে উচ্চমূল্যের পণ্য ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।