উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলের এক প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে বাজারে গেলে সাধারণ মানুষ একটি বা দুটির বেশি সবজি কিনতে পারছে না। এমনকি একটি মধ্যবিত্ত পরিবার মাসে যে পরিমাণ ডিম খেত, তা এখন অর্ধেকের বেশি কমিয়ে আনতে হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন মধ্যবিত্তের ক্রয়ক্ষমতারও ঊর্ধ্বে চলে গেছে বলে তিনি উল্লেখ করেন।
বাজেটের পর কোনো কিছুর দাম বাড়েনি বলে সংসদে দাঁড়িয়ে সরকারদলীয় সংসদ সদস্যরা মিথ্যা ও প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন নাহিদ। বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের পরিস্থিতির ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেন।
কারওয়ান বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটবাজদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সন্ত্রাস ও দখলদার বাহিনীকে প্রতিহত করতে হবে। আগামী ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে সপ্তাহজুড়ে এই প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল। তারা এখনো ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে। এছাড়া এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়ার কৃতিত্ব সাধারণ মানুষ ও মাদরাসা ছাত্রদের, সরকারের নয় বলেও তিনি দাবি করেন।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্য দেন। বক্তব্য শেষে নেতারা কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিলি করেন।