উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন। এর আগে বিকেল ৪টার দিকে তিনি জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ অন্যান্যরা তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৭টি দলের মার্চ পাস্ট অনুষ্ঠিত হয় এবং মশাল প্রজ্বালন করা হয়।
প্রতিযোগিতাটি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবং রাষ্ট্রপতি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। সভাপত্বি করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের এবং বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি পুরুষ ও নারীদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করে বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই এবং এটি তরুণদের শৃঙ্খলা ও আত্মবিশ্বাস শেখায়। তিনি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার কথা জানান এবং অবৈধভাবে দখল করা মাঠ দখলমুক্ত করার আহ্বান জানান। নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা এবং স্কুল, কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স ও আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান রাষ্ট্রপতি।