উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করা না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট এখনো চালু করা হয়নি। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের সংযোগ বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে।
আজ রাত ৮টা ৪৪ মিনিট পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য পুরোপুরি অপ্রবেশযোগ্য ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে বলা হয় সেবাটি শিগগিরই আবার চালু করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। এছাড়া ২০২৩ সালের সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক তাদের অভ্যন্তরীণ সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছিল।