উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।
আদালতে চিকিৎসাবিশেষজ্ঞরা সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়।
শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত। অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ।
মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকার সময় ২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ৬০ বছর বয়সী ম্যারাডোনার নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর ফুসফুসে পানি জমা এবং হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।