উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। এর আগে গতকাল বৃহস্পতিবারও স্বর্ণের দাম কমেছিল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা। যার ফলে দুই দিনে ধাতুটির দাম কমল ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে স্বর্ণের দাম কমার বিষয়টি জানিয়ে বলেছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশিক বাজারে স্বর্ণের দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে।
২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী নির্ধারিত এই স্বর্ণ ও রুপার দামের সাথে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।