উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেষ মুহূর্তে দারুণ বোলিং করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ চার ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৪১ রান, হাতে ছিল চার উইকেট। কিন্তু মাত্র ৬ রানের মধ্যে শেষ চার উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশের যুবারা। রোববার (১৮ অক্টোবর) পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের এবং ১১১ রানেই পাঁচ উইকেট হারিয়ে দল চাপে পড়ে। তবে জারিফ সিয়ামের অর্ধশতকের পর রাকিবুল হাসান ও আহসান আল মুমিনের ১১৭ রানের জুটি দলকে লড়াকু পুঁজি এনে দেয়। রাকিবুল ৭৯ রানে অপরাজিত থাকেন, আহসান আল মুমিন ৫৪ রান করেন এবং জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ৫০ রান। নির্ধারিত ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৫১ রান।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ১৬৮ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে। হামজা খান প্রতিরোধ গড়ে তুললে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয় আফগানদের। কিন্তু ৪৭তম ওভারে সোহেল খানকে ২১ রানে ফিরিয়ে আফগানদের পতন শুরু করেন রুবাই ইসলাম রিজন। একই ওভারে হামজা খানকেও ফিরিয়ে দেন তিনি এবং পরে শেষ উইকেটটিও তুলে নেন রিজন।
মাঝে শেখ আতিকুর রহমান নেন নবম উইকেট এবং শেষ পর্যন্ত ২১৭ রানে অলআউট হয় আফগানিস্তান। বল হাতে ৮.২ ওভার বল করে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক হন রুবাই ইসলাম রিজন। শেষ দিকে তাঁর দুর্দান্ত বোলিংয়েই সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল বাংলাদেশ।