উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার ছোট্ট একটি রাষ্ট্র গায়ানা বিশ্বজুড়ে এক অনন্য নজির স্থাপন করেছে। সম্প্রতি আন্তর্জাতিক এক গবেষণায় প্রকাশিত তথ্যে জানা গেছে, পৃথিবীর একমাত্র দেশ হিসেবে গায়ানা নিজেদের প্রয়োজনীয় সমস্ত খাদ্য নিজেরা উৎপাদন করতে সক্ষম। বিশ্বের ১৮৬টি দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণ করে গবেষকেরা এই ব্যতিক্রমী তথ্য উদ্ঘাটন করেছেন।
খাদ্য নিরাপত্তার মানদণ্ডে নির্ধারিত সাতটি প্রধান খাদ্যগোষ্ঠীর প্রতিটিতেই এই দেশটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, ডাল-বাদাম, দুধ এবং শর্করা জাতীয় খাবারের ক্ষেত্রে তাদের অন্য কোনো রাষ্ট্রের ওপর নির্ভর করতে হয় না। মূলত অনুকূল আবহাওয়া এবং বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির পক্ষে এই অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় গায়ানায় সারা বছর উষ্ণ আবহাওয়া ও প্রচুর বৃষ্টিপাত বজায় থাকে। পাশাপাশি এখানকার উর্বর মাটি কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। দেশের কৃষকেরা ঐতিহ্যবাহী পদ্ধতির পাশাপাশি আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ কৌশল অবলম্বন করে ফসলের উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলেছেন।
উল্লেখ্য, গায়ানার মোট জনসংখ্যা প্রায় আট লাখের কাছাকাছি হওয়ায় সীমিত উৎপাদন দিয়েও পুরো দেশের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব হয়। অপরদিকে, বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিকূল আবহাওয়া, অপর্যাপ্ত আবাদি জমি এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে নিজস্ব উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না।