উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। এর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলবে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম (ঢাকা) মাদ্রাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলা এই বৈঠকে সাত দলের লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাত দলের এই ঐক্য প্রক্রিয়ায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিজতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৈঠকে সাতদলীয় ঐক্যের কাঠামো, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক জোটের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, সমমনা ইসলামী দল ব্যানারে দলগুলো ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিলেও অন্য রাজনৈতিক জোটে থাকা নিয়ে শর্তে আপত্তি জানিয়েছে দুটি দল। আগামী ৫ ডিসেম্বরের পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা, কর্মপদ্ধতি এবং অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।