উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করতে পারেন। তবে বাংলাদেশে তার এই যাত্রাবিরতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। তা সত্ত্বেও সম্ভাব্য এই আগমন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফা সভাপতি মূলত ভুটানের রাজধানী থিম্পু সফরে যাচ্ছেন। সেখানে সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতা থাকায় যাত্রাপথে তিনি সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন। বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
তবে ফিফা সভাপতি ঢাকায় এলে যাতে ইমিগ্রেশনসহ সব আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে সবকিছুই নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।