উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভ্যন্তরীণ বৈঠকে ঢাকার ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে।
জামায়াতের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটির ৫৪টির মধ্যে ৪৩টি এবং দক্ষিণ সিটির ৭৫টির মধ্যে ৬৯টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে। দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও এগুলো এখনো চূড়ান্ত মনোনয়ন নয়। প্রার্থীদের ওয়ার্ডে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মেয়র পদের জন্যও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে দলটি। ঢাকা উত্তরে মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। দলের আমির শফিকুর রহমান সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ব্যানার ও ফেস্টুন লাগিয়ে প্রচার শুরু করেছেন। তবে মহানগর নেতারা জানিয়েছেন, মাঠপর্যায়ে কাজ করা এসব প্রার্থীর মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনে পরিবর্তন আসতে পারে এবং চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।