উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার সকালে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি হতাহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের কাছে যথাযথ সহযোগিতার দাবিও উত্থাপন করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন যে দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণেই একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এমন প্রাণহানি রোধে তিনি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।