উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেছেন, বিএনপি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকেই বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেছেন তিনি এবং তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রিসভা থেকেই তিনজন সদস্য বাদ পড়লেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রিসভা থেকে বাদ পড়ার নজির রয়েছে। দুর্নীতি, বিতর্কিত বক্তব্য, নীতিগত মতবিরোধ ও রাজনৈতিক চাপের কারণে অতীতে মন্ত্রীদের পদ ছাড়তে হয়েছে। তবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রিত্ব ছাড়ার কোনো পূর্ব নজির নেই, যে কারণে ইশরাকের পদত্যাগ অত্যন্ত ব্যতিক্রমী হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারে ত্রাণমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর পদত্যাগের মাধ্যমে স্বাধীনতার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের প্রথম ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শেখ হাসিনার বিভিন্ন মেয়াদেও একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগ করেছিলেন বা তাঁদের সরিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এসব পদত্যাগের নেপথ্যে নানা রাজনৈতিক ও প্রশাসনিক কারণ জড়িত ছিল।