উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ত্র-কাণ্ডে সমালোচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি নিজের দায়িত্ব পালনের বদলে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। দেশবাসী এখন তাঁর পদত্যাগের অপেক্ষায় আছে বলেও উল্লেখ করেন তিনি।
ইশরাক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তুলে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এছাড়া সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বর্তমান সরকার সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দলীয় বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত এই কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং এসব কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয়।