উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এর মাধ্যমে ঐতিহাসিক আবদুল গনি রোড থেকে মূল সচিবালয় অন্যত্র সরিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা চূড়ান্ত রূপ লাভ করছে।
সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেন। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে একই ক্যাম্পাসের আওতায় নিয়ে আসার ব্যাপারে বিশেষ তাগিদ রয়েছে সরকারের। প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে জানান, আগারগাঁওয়ে অবস্থিত পুরোনো বাণিজ্যমেলার মাঠের ৩১ একর জমির ওপরে এই অত্যাধুনিক সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলা হবে। প্রকল্পটির নকশা অনুযায়ী সেখানে ১২ তলাবিশিষ্ট ১৪টি সুদৃশ্য ভবন নির্মাণ করা হবে। এর পাশাপাশি ৩টি বেজমেন্ট এবং প্রায় ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হবে এই বিশাল চত্বরে।
নতুন এই প্রশাসনিক কমপ্লেক্সে কেবল কার্যালয়ই নয়, কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার জন্য মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও আধুনিক ব্যায়ামাগার থাকবে। এছাড়া দাপ্তরিক কাজের সুবিধার্থে সেখানে একটি ডাকঘর এবং পাসপোর্ট অফিস স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হলেও এর মোট ব্যয় এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
বর্তমান সচিবালয়ে জায়গার তীব্র সংকটের কারণে প্রায় ১৬টি মন্ত্রণালয় ও বিভাগকে বাইরে রাখতে হচ্ছে, যা প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করে। সব সরকারি দপ্তর একই ক্যাম্পাসে অবস্থান করলে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন নীতির্ধারকরা।