উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে রাড্ডা-এমসিএইচ-এফপি ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মদদদাতাদের শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। রোববার বিকেলে মিরপুর রাড্ডা সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।
মীর আহমাদ বিন কাসেম অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি পাপেল, লেলিন, শুভ্র, রাসেল ও সজীবসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় যেন কোনোভাবেই ঢাল হিসেবে ব্যবহৃত না হয়।
কর্মসূচি থেকে ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করা, লুট হওয়া সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিশন গঠনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।