উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকবিরোধী অভিযানের নামে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশরাক হোসেনের এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রোববার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও আইনবিরোধী। ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা করেছেন অভিযোগ করে জামায়াতের বিবৃতিতে বলা হয়, তিনি এ কর্মকাণ্ডের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন। তাঁর এমন কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরও উৎসাহিত করবে এবং জনগণ তা ভালোভাবে নেবে না। এ ঘটনায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে প্রতিকার চেয়েছে জামায়াত।
এদিকে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছেন, তার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে মহড়া দিয়েছে, তা আমাদেরকে হতাশ করেছে। তিনি মূলত এই হীন কাজের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন এবং এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সরকার মাদকবিরোধী অভিযানের ঘোষণা দিলেও দলের নেতা-কর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যেখানেই মাদক কারবারি ধরা হয়, তাদের সিংহভাগই তাদের রাজনীতির সঙ্গে জড়িত। তারা সামান্য মুচলেকা দিয়ে আবার স্বরূপে ফিরে আসে এবং সরকার ও প্রশাসন যেন জাতির সামনে নাটক উপস্থাপন করছে।