উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া মিলেছে। দেশের আটটি জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা—এই আট জেলার সব উপজেলা থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। এছাড়া রংপুর, নওগাঁ ও ঝিনাইদহেও উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা আবেদন করেছেন।
আগ্রহী উদ্যোক্তারা গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদনপত্র জমা দেন। কর্মসূচির পরবর্তী ধাপে বাকি ৫৬টি জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এই কর্মসূচির নির্দেশিকা জারি করা হয়। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।