উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করার সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এছাড়া, এই সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, কেবল তারাই আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ৫ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং ২০ নভেম্বর পর্যন্ত এতে নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের আবেদন করা যাবে।
ভোটার তালিকা নির্ভুল করতে কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনগণকে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে হলে ওই এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। তাই আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদনগুলো ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।