উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বাধীনতার কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার দিল্লির কৃতদাসের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কালচারাল ইউনিটি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশে নীরবে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য দেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকে প্রাধান্য দিয়ে দেশের নিজস্ব সংস্কৃতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী জনগণকে না জানিয়ে অন্য দেশকে কী দিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রের পাশাপাশি মুক্ত সাংস্কৃতিক চর্চার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। হাসিনার পতনের পরও ধর্মের অজুহাতে বিভিন্ন স্থানে শিল্পীদের পরিবেশনায় বাধা দেওয়ার মধ্য দিয়ে নতুন ধরনের সংকট তৈরি হচ্ছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বক্তব্য দেন।