উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বাজারে তাজা আনারস রফতানি শুরু হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে উৎপাদিত প্রায় দুই টন বা এক দশমিক ৮৩ মেট্রিক টন আনারসের প্রথম চালান শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় সরাসরি ঢাকা-করাচি ফ্লাইটে পাঠানো হয়েছে।
সামিন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এই প্রথম চালানটি রফতানি করছে এবং পাকিস্তানের লাহোরভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান প্রাইম টেক এসব আনারস আমদানি করছে। রফতানির আগে রাজধানীর শ্যামপুর প্যাকিং হাউজে আনারসগুলো বাছাই, গ্রেডিং ও মান নিয়ন্ত্রণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের শ্যামপুর প্যাকিং হাউজের উপপরিচালক মো: আমিনুর রশিদ মুকুল জানান, রফতানিযোগ্য মান নিশ্চিত করার পরই চালানটি পাঠানো হয়েছে। উদ্যোক্তা সামিন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জুয়েল আহমেদ জানান, তার প্রতিষ্ঠানের জন্য পাকিস্তানে ২২ টন আনারস রফতানির অর্ডার রয়েছে।
অন্য একজন রফতানিকারকেরও ২০ টন আনারস রফতানির অর্ডার রয়েছে এবং সব মিলিয়ে বর্তমানে প্রায় ৪২ টন আনারস রফতানির অর্ডার পাওয়া গেছে। কৃষিপণ্য রফতানি বাড়াতে সরকারি উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন এটি নতুন বাজার উন্মোচনে ভূমিকা রাখবে।